শার্শায় বাঁওড়ের দখল নিয়ে বিরোধ, শটগানের গুলিতে আহত ৫

গ্রাফিকস: আগামীর সময়
আধিপত্য বিস্তার ও স্থানীয় একটি বাঁওড়ের দখল নিয়ে বিরোধের জেরে শটগানের গুলিতে পাঁচজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে যশোরের শার্শায় ভারত সীমান্তবর্তী কন্যাদহ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কন্যাদহ গ্রামের মৃত মতিয়ার গাইনের ছেলে শাহ আলম (৩৮), খলিল গাইনের ছেলে আব্দুল্লাহ (৩২), হাশেম গাইনের ছেলে মিঠু (৩০), বকুলের ছেলে শাকিল (১৫) ও আকবার আলীর ছেলে আকাশ (২০)।
আহতদের প্রথমে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার পর তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কন্যাদহ গ্রামে আধিপত্য বিস্তার ও একটি স্থানীয় বাঁওড়ের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
আহত পক্ষের অভিযোগ, একই গ্রামের নূর ইসলাম বদ্দীর ছেলে আশানুর (৪২), শাহজাহানের ছেলে ইমলু (৩৫), মৃত কোরমানের ছেলে শাহাজান (৫৫), মৃত মিজানুরের ছেলে সিরাজুল (৩৫) ও তাদের সহযোগীরা তাদের ওপর হামলা করেন। একপর্যায়ে আশানুর শটগান থেকে গুলি ছোড়েন বলে অভিযোগ করা হয়। এতে শাহ আলম, আব্দুল্লাহ, মিঠু, শাকিল ও আকাশ আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, আহত ব্যক্তিদের শরীরে শটগানের ছররা গুলি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শার্শা থানার ওসি শামীনুল হক জানান, রাত সাড়ে ১০টার পর গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



