প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য, মৌলভীবাজারে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. মামুন মিয়া
টিকটকে ভিডিও বানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘অশালীন ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে মৌলভীবাজারে মো. মামুন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন ওই গ্রামের নিজাম মিয়ার ছেলে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর থানার (ওসি) সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে মামুন নিজের টিকটক অ্যাকাউন্টে বিভিন্ন ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে অশালীন ও আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসে।’
তিনি জানালেন, শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে মামুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ওসি আরও বলেন, ‘মামুন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’



