মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, মুক্তির দাবিতে ৮ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ

গ্রাফিকস: আগামীর সময়
পুলিশের হাতে গ্রেপ্তার চার ট্যাংক লরি শ্রমিকের মুক্তি ও এক শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে প্রায় আট ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ রেখে অবরোধ কর্মসূচি পালন করেছেন ট্যাংক লরি শ্রমিকেরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পার্বতীপুর রেলওয়ে ওয়েল হেড ডিপোর প্রধান ফটক বন্ধ করে এ কর্মসূচি পালন করা হয়। ফলে উত্তরাঞ্চলের আট জেলা থেকে জ্বালানি তেল নিতে আসা কোনো ট্যাংক লরি ডিপোতে প্রবেশ করতে পারেনি। এতে প্রায় আট ঘণ্টা সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকে।
শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার বিকেলে ট্যাংক লরি শ্রমিক সাগর, আইউব আলী, হাসান আলী ও রবিউল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে অবরোধ কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা ওয়েল হেড ডিপোর প্রধান ফটক বন্ধ করে দেন।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে দড়ি খামার গ্রাম থেকে চার শ্রমিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশের পাঁচ সদস্যের একটি দল। গ্রেপ্তার চারজনই ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সদস্য।
এদিকে, শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করেও শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমানের ভাষ্য, উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সংগঠনের সভাপতি আতাউর রহমান আতু লাঞ্ছিত হন।
এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়লে শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠা পুলিশ কনস্টেবল জয়ন্ত কুমারকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফাত আমান আজিজ ও ওসি আব্দুল ওয়াদুদের মধ্যস্থতায় পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
দীর্ঘ বৈঠক শেষে বিক্ষুব্ধ শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে আরও চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের আশ্বাস দেওয়া হলে দুপুর প্রায় ২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠনটি।
তবে শ্রমিক নেতারা জানিয়েছেন, পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহারসহ গ্রেপ্তার চার শ্রমিককে মঙ্গলবারের মধ্যে জামিন দেওয়া না হলে বুধবার থেকে পুনরায় অবরোধ কর্মসূচি পালন করা হবে।





