জন্মাষ্টমী উদযাপন পরিষদ থেকে আয়ান শর্মা আজীবন বহিষ্কার

গ্রাফিকস: আগামীর সময়
সংগঠনবিরোধী কার্যকলাপ, অপপ্রচার ও গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আয়ান শর্মাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার আজীবন সদস্যপদ বাতিল করে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গতকাল ১৫ আগস্ট জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রূপু স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কারের চিঠিতে আয়ান শর্মার বিরুদ্ধে বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, তিনি সাম্প্রতিক সময়ে পরিষদের আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কাজে লিপ্ত হয়েছেন। তিনি পরিষদের কর্মকর্তাদের নামে অপপ্রচার ও কুৎসা রটানোর পাশাপাশি পরপর তিনটির অধিক সভায় দীর্ঘ সময় ধরে অনুপস্থিত ছিলেন। এছাড়া সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত উপেক্ষা করে তিনি পরিষদের বাইরে বসে বিভিন্ন অপকর্ম ও অপপ্রচার চালিয়েছেন, যা পরিষদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার পাশাপাশি ভাবমূর্তি বিনষ্ট করেছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আয়ান শর্মার প্রতিহিংসামূলক কর্মকাণ্ড সনাতনী সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, যা সমাজের জন্য হুমকিস্বরূপ। তার এসব কর্মকাণ্ডের ফলে সনাতনী সমাজের বিভিন্ন স্তরের সংগঠন পরিষদের কাছে তার বিরুদ্ধে বেশ কিছু লিখিত অভিযোগ দায়ের করে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আয়ান শর্মাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তার দেওয়া জবাব যথাযথ না হওয়ায় গত ১৪ আগস্ট পরিষদের কার্যকরী কমিটির সভায় তা উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত সদস্যরা তার জবাবে অসন্তোষ প্রকাশ করেন।
পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে পরিষদের গঠনতন্ত্রের ধারা ৯-এর উপধারা ৩ (ক) ও (খ)-এর বিধান অনুযায়ী আয়ান শর্মাকে কার্যকরী সভাপতির পদ থেকে বহিষ্কার ও আজীবন সদস্যপদ বাতিল করা হয়।
বহিষ্কৃত আয়ান শর্মা হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার রেবতী মহাজনের বাড়ির বেণী মাধব শর্মার ছেলে।






