চট্টগ্রামে মা-মেয়েকে ছুরি মেরে খুন

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘরে মা ও মেয়েকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ বছর বয়সী ছেলেও। নিকটাত্মীয় এক ব্যক্তি খুনের সঙ্গে জড়িত বলে তথ্য পেয়েছে পুলিশ। তবে তাকে এখনও গ্রেফতার করা যায়নি।
গতকাল শনিবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কন্যারা গ্রামের বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ভাষ্য।
নিহতরা হলেন- এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত অবস্থায় এনির ছেলে পিয়াস বড়ুয়াকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
পুলিশের তথ্য, এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে একটি আবাসিক ভবনের নিরাপত্তা প্রহরী। সুজনের চাচাতো ভাই তেজপ্রিয় বড়ুয়া এ হত্যাকাণ্ডে জড়িত বলে জানতে পেরে তাকে গ্রেফতারে অভিযান চলছে।
মা- মেয়ে দুজনকে খুনের সংবাদ পেয়ে রাত ১১টার দিকে পুলিশ বড়ুয়াপাড়ায় যায়। প্রিয়ন্তীর রক্তাক্ত লাশ ঘরের ভেতর থেকে এবং তার মায়ের লাশ ঘরের বাইরে উঠান থেকে উদ্ধার করা হয়। আহত পিয়াসও উঠানেই পড়ে ছিল।
প্রতিবেশীদের বরাতে চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানালেন, ‘রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশীরা সুজন বড়ুয়ার ঘরে চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যান। সুজন শহরে ছিলেন। তারা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় এনি ঘর থেকে বের হয়ে পিয়াসকে কোল থেকে উঠানে ছুঁড়ে ফেলে লুটিয়ে পড়েন। লোকজন তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। তবে সেখানেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে লোকজন ঘরের ভেতরে ঢুকে প্রিয়ন্তীর রক্তাক্ত লাশ দেখতে পান।’
এনি ও প্রিয়ন্তীকে ছুরি মেরে খুন করা হয়েছে বলে নিশ্চিত করেন এ পুলিশ কর্মকর্তা।
প্রতিবেশী সুরভী বড়ুয়ার ভাষ্য, মৃত্যুর আগে এনি তার চাচাতো দেবর তেজপ্রিয় বড়ুয়ার নাম উল্লেখ করেন। ঘটনার পর থেকে তেজপ্রিয়র আর খোঁজ মিলছে না।
অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুলের ভাষ্য, মাথায় ছুরিকাঘাতে জখম হওয়া পিয়াস এখন আশঙ্কামুক্ত। নিহত মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।


