আলোচনাসভায় বক্তারা
শুধু আইন প্রয়োগ করে পণ্যের মান নিয়ন্ত্রণ কঠিন

ছবি: আগামীর সময়
শুধু মোবাইল কোর্ট পরিচালনা করে পণ্যের গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য উৎপাদক ও ভোক্তা পর্যায়ে সচেতনতা এবং দায়িত্বশীলতা বাড়াতে হবে।
বিশ্ব মান দিবস উপলক্ষে আজ বুধবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় আয়োজিত আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।
এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ছিল ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।
বক্তারা বলেছেন, সতর্কতা ও দায়িত্ববোধ তৈরি না হলে শুধু আইন প্রয়োগ করে পণ্যের মান নিয়ন্ত্রণ করা কঠিন। পাশাপাশি ই-বর্জ্য যথাযথভাবে ধ্বংসের বিষয়েও সবাইকে সচেতন হতে হবে। সরকার এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তারা।
আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসাইন।
বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রধান মো. ওহমোমেন উস সাজ্জাদের সভাপত্বিতে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ।




