গোলাম রসুল মার্কেটে আগুন, পুড়েছে আমদানি করা ফুল

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় গোলাম রসুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে মার্কেটের চতুর্থতলায় আমদানি করা কৃত্রিম ফুলের গুদামে আগুন লাগে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৩টা ১০ মিনেটে তারা আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের কারণে পুরো মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। দোকানিরা তাদের মালামাল বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন।
মার্কেটটির নিচতলা থেকে চতুর্থতলা পর্যন্ত বিভিন্ন ক্রোকারিজ, প্লাস্টিক সামগ্রী, ম্যাট, স্টেশনারি, আমদানি করা কৃত্রিম ফুল, ইলেকট্রনিক্স সামগ্রীর খুচরা ও পাইকারি দোকান রয়েছে। মার্কেটের চতুর্থতলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে আমদানি করা কৃত্রিম ফুলের গুদাম ছাড়া অন্যান্য সামগ্রী রাখা হয়।
গুদামটিতে গোডাউনটিতে চীন থেকে আমদানি করা বিভিন্ন ধরনের কৃত্রিম ফুল মজুদ ছিল বলে ব্যবসায়ীরা জানান। আগুনে গোডাউনের আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতা।
গোলাম রসুল মার্কেট বণিক সমিতির সভাপতি মো. আকবর জানান, আগুনে গুদামে আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়েনি। এতে আরও বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যবসায়ীরা।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।





