প্রধানমন্ত্রীকে অলি আহমদ
আপনার পাশে অনেক চাটুকার তারা আপনাকে ধ্বংস করবে

চট্টগ্রামের লালদিঘী ময়দানে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে অলি আহমদ
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘আমরা ১১ দলীয় জোট আপনার প্রকৃত বন্ধু। আমাদের পক্ষ থেকে আপনার কোনো ভয় নেই। কিন্তু আপনার পাশে অনেক চাটুকার আছে। তারা আপনাকে ধ্বংস করবে। আপনার সরকারকেও ধ্বংস করবে।’
আজ শনিবার রাতে নগরীর লালদিঘী ময়দানে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে তিনি একথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে এলডিপি সভাপতি বললেন, ‘অর্থনৈতিকভাবে দেশ পঙ্গু। দেশে কোনো টাকা নেই। প্রত্যেকদিন নতুন নতুন নোট ছাপাচ্ছেন আমাদের আমির খসরু সাহেব। এভাবে দেশ চালাচ্ছেন। তাহলে অর্থনীতি কিভাবে আগাবে ? উনারা বলছিলেন সরকারে এলে প্রথম ছয় মাসের মধ্যে এক লাখ লোককে চাকরি দেবেন। এখন উনারা ক্ষমতায় আসার পর এক লাখ লোকের চাকরি গেছে।’
মৌলবাদী আখ্যা দিয়ে ১১ দলকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি অভিযোগ করে তিনি বললেন, ‘মহিবুল হাসানের মেয়ে (রিজওয়ানা হাসান) বলেছেন আমাদের কেন ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। এই মহিবুল হাসানকে আমি প্রেসিডেন্ট জিয়াকে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বানিয়ে দিয়েছিলাম। তার মেয়ে বলে মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেইনি। মৌলবাদী মানে যারা মূলমন্ত্রে বিশ্বাস করে। আমরা তো উগ্রবাদী না। আমরা মৌলবাদী। কারণ আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি। একজন হিন্দুও মৌলবাদী। কারণ সে হিন্দু ধর্ম বিশ্বাস করে। একজন খ্রিস্টানও মৌলবাদী। কারণ সে খ্রিস্টান ধর্ম বিশ্বাস করে।’
ষড়যন্ত্রের মাধ্যমে হাফ নোবেল প্রাইজ পাওয়া ইউনূস ও বিএনপি মিলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রেখেছে বলে মন্তব্য করলেন অলি আহমদ।
তিনি আরও বললেন, ‘আমাদের দেশটাকে নিরাপদ করতে হবে সকলের জন্য। এটা পারবে একমাত্র ১১ দলীয় ঐক্যজোট। এই সরকার পারবে না। কারণ এই সরকার আর বাকশালী সরকারের মধ্যে কোনো পার্থক্য নাই। অতীতে অনেক সরকার এসেছে। কিন্তু কখনো ছয় মাসের মাথায়, দুই মাসের মাথায় মানুষ বলেনি যে এই সরকার টিকবে না। কিন্তু বর্তমানে প্রত্যেকের মুখে একটাই একটা কথা যে এই সরকার টিকবে না।’





