চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ ও চিকিৎসাসেবা

চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ ও চিকিৎসাসেবা কার্যক্রম। ছবি: আইএসপিআর
চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বন্যার্তদের বিনামূল্যে দেওয়া হচ্ছে চিকিৎসাসেবাও।
শনিবার (১১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে চট্টগ্রারের হাটহাজারী, ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী। পাশাপাশি বিভিন্ন এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।
এ ছাড়া সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত মানুষের মধ্যেও ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আইএসপিআর জানায়, বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের জরুরি প্রয়োজন পূরণে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।




