৭১-এর গণহত্যার ন্যায়বিচার পেতে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন ভারতের

সংগৃহীত ছবি
১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’ চলাকালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত ভয়াবহ নৃশংসতা ও গণহত্যার বিষয়টি আবারও বিশ্বমঞ্চে তুলে ধরেছে ভারত। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের সেই বর্বরোচিত অপরাধের তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশের ন্যায়বিচারের আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল উল্লেখ করেন, ‘১৯৭১ সালে অপারেশন সার্চলাইট চলাকালে পাকিস্তান কর্তৃক সংঘটিত ভয়াবহ নৃশংসতা সম্পর্কে আমরা সবাই অবগত। এই গণহত্যায় লাখো নিরীহ বাংলাদেশি মানুষকে পরিকল্পিতভাবে লক্ষ্য করে হত্যা করা হয়েছিল এবং নারীদের বিরুদ্ধে ব্যাপক আকারে যৌন অপরাধ সংঘটিত হয়েছিল।’
তিনি অত্যন্ত পরিতাপের সঙ্গে উল্লেখ করেন, পাকিস্তান আজও তাদের সেই ভয়ংকর অপরাধের কথা অস্বীকার করে চলেছে।
তিনি আরও মনে করিয়ে দেন, পাকিস্তানি বাহিনীর সেই বর্বরতার ফলে লাখ লাখ মানুষ জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ওই নৃশংসতা সে সময় বিশ্ববাসীর বিবেককে নাড়িয়ে দিয়েছিল। জয়সওয়াল যোগ করেন, পাকিস্তানি সেনাবাহিনী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তা ইতিহাসের এক কালো অধ্যায়।
ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করে রণধীর জয়সওয়াল স্পষ্ট করেন, ‘পাকিস্তান আজও সেই গণহত্যার অপরাধ অস্বীকার করে চলেছে। তবে আমরা ন্যায়বিচারের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষাকে পূর্ণ সমর্থন করি।’















