বাংলাদেশ-নেপাল প্রসঙ্গ টেনে ছড়ানো সিএস মানের বক্তব্যটি বিকৃত

ছবিঃ আগামীর সময়
একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ৩১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে ভারতীয় সেনাবাহিনীর আর্মি ডিজাইন ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) মেজর জেনারেল সিএস মানকে ইরান, ইসরায়েল ও “অখণ্ড ভারত” প্রসঙ্গে বক্তব্য দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটি সম্পাদনা করে বিকৃত করা হয়েছে।
সামাজিক মাধ্যম এক্সে ১৩ মার্চ পোস্ট হওয়া একটি ভিডিওতে মেজর জেনারেল সিএস মানকে বলতে শোনা যায়- সন্ত্রাসী ইরানি শাসনের অবসান ঘটাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পূর্ণ সহায়তা করছে ভারত।
ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, “ইসরায়েল যদি ইরানের পতনে সফল হয়, তবে পাকিস্তানকে তিন দিক থেকে নিয়ন্ত্রণ করা যাবে। পূর্ব দিক থেকে ভারত এবং বাম দিক থেকে আফগান তালিবান ও ইসরায়েলপন্থী ইরান। এটিই অখণ্ড ভারত পুনরুদ্ধার করার ভারতীয় পথ।”
এছাড়া ওই ক্লিপে তাকে আরও বলতে শোনা যায়, “বাংলাদেশ ও নেপালের বিষয়টি পরে দেখা হবে।”
ভিডিওটি এক্স ও ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়তে দেখা গেছে।
ভিডিওটির সত্যতা যাচাই করতে কয়েকটি কিফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) আপলোড করা একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ১ মিনিট ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের মূল ভিডিওটি ২০২৫ সালের ৪ জুলাই পিটিআই প্রকাশ করেছিল।
যদিও ভাইরাল ভিডিওতে যে বক্তব্য শোনা যায়, তা মূল ভিডিওর বক্তব্যের সঙ্গে মেলে না। তবে দুই ভিডিওর পেছনের দৃশ্য, মেজর জেনারেল সিএস মানের পোশাক এবং ভিডিওর ডান কোণে থাকা লোগো হুবহু একই।
এছাড়া মূল ভিডিওর ১ মিনিট থেকে ১ মিনিট ৩১ সেকেন্ড অংশে তার হাতের যে নড়াচড়া দেখা যায়, সেটির সঙ্গে ভাইরাল ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখানো হাতের নড়াচড়ারও পুরোপুরি মিল রয়েছে।
অধিকতর অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি নিয়ে ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক ফ্যাক্টচেক সংস্থাও প্রতিবেদন প্রকাশ করেছে।
ইরান, পাকিস্তান, বাংলাদেশ ও “অখণ্ড ভারত” প্রসঙ্গে মেজর জেনারেল সিএস মানের বক্তব্য দাবি করে প্রচারিত ভিডিওটি সম্পাদনা করে বিকৃত করা হয়েছে। তাই প্রচারিত দাবিটি ভুয়া ও বিভ্রান্তিকর।
















