কেন্দুয়ায় আ. লীগ নেতার বাড়িতে আগুন, সাংবাদিকসহ আহত ৪

ছবিঃ আগামীর সময়
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগ নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী ও এক সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত চার জন। শনিবার (৪ এপ্রিল) বিকালে কেন্দুয়া পৌরসভার শান্তিবাগ চিরাং মোড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম তাপস ব্যানার্জি। পেশায় ব্যবসায়ী ও রাজনীতিবিদ এ ব্যক্তি পৌরসভার শান্তিবাগ এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ব্যবসায়ী তাপস ও তার পরিবারের ৯টি সেমি পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহতদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। আর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহত সাংবাদিক সালমান আহমেদকে।
আহত অন্যান্যরা হলেন কান্দিঊড়া গ্রামের সুমন খান, চিরাং মোড়ের টিভি মেকানিক সজল ও কেন্দুয়ার ফায়ার সার্ভিস কর্মী আজিজুল হক।
তাপস ব্যানার্জির ভাষ্য, আমি বাসায় থাকি না। সেমিপাকা এই ঘরগুলো ভাড়া দেওয়া ছিল। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের দল ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করে। ঘটনায় ক্ষতি হয়েছে অন্তত ১০ লাখ টাকার।
‘বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছিল বলে আমার ধারণা,’ যোগ করেন তিনি।
কেন্দুয়া ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি।

