গ্রিন কার্ডের নিয়মে বদল যুক্তরাষ্ট্রের, আবেদন করতে হবে নিজ দেশে গিয়ে

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নীতি অনুযায়ী, গ্রিন কার্ড-প্রত্যাশী অধিকাংশ অভিবাসীকে এখন যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশে গিয়ে সেখানকার যুক্তরাষ্ট্রের দূতাবাস বা কনস্যুলেট থেকে আবেদন করতে হবে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানিয়েছে, বিশেষ কোনো ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া এখন থেকে গ্রিন কার্ডের আবেদন করতে হলে দেশের বাইরে গিয়ে কনস্যুলার প্রসেসিংয়ের মাধ্যমে তা করতে হবে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ অভিবাসন রোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
এর মাধ্যমে ভিসা নিয়ে বা ভিজিটর হিসেবে যুক্তরাষ্ট্রে এসে ভেতরে অবস্থান করেই গ্রিন কার্ডের আবেদন করার যে আইনি সুযোগ এতদিন ছিল, সেই পথ বন্ধ হয়ে গেছে।
ইউএসসিআইএসের নীতিমালায় বলা হয়েছে, শিক্ষার্থী, অস্থায়ী কর্মী কিংবা ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা ব্যক্তিদের এখন থেকে দেশের বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিদেশি নাগরিকরা যখন তাদের নিজ দেশ থেকে আবেদন করবেন, তখন গ্রিন কার্ডের আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর তাদের খুঁজে বের করার প্রয়োজন পড়বে না। এতে কেউ অবৈধভাবেও লুকিয়ে থাকার সুযোগ পাবে না।’
ইউএসসিআইএসের মূল তদারককারী প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘আমাদের দেশের অভিবাসন ব্যবস্থার অপব্যবহারের যুগের অবসান হলো।’
সংস্থার মুখপাত্র জ্যাক কাহলার বলেছেন, ‘আইনের মূল উদ্দেশে ফিরে গিয়ে আমরা নিশ্চিত করছি, বিদেশি নাগরিকরা যেন আমাদের অভিবাসন ব্যবস্থা সঠিকভাবে মেনে চলেন। এখন থেকে বিশেষ পরিস্থিতি ছাড়া সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকা কোনো বিদেশি গ্রিন কার্ড চাইলে তাকে নিজ দেশে ফিরে গিয়েই আবেদন করতে হবে।’
‘সাময়িক সফর বা ভিজিট কখনোই গ্রিন কার্ড পাওয়ার প্রথম ধাপ হতে পারে না’, যোগ করেন মুখপাত্র জ্যাক কাহলার।
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ক্যাটো ইনস্টিটিউটের অভিবাসনবিষয়ক পরিচালকের তথ্যানুযায়ী, বর্তমানে ১০ লাখের বেশি বৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে অবস্থান করে গ্রিন কার্ডের অনুমোদনের অপেক্ষায় আছেন।
বর্তমানে যাদের গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, তাদের ওপর এই নিয়মের কী প্রভাব পড়বে তা এখনো পরিষ্কার নয়। তবে ইউএসসিআইএসের একজন মুখপাত্র জানিয়েছেন, এই নীতি বাস্তবায়নের সময় যাদের আবেদন দেশের অর্থনৈতিক উপকারে আসবে, তারা সম্ভবত বর্তমান নিয়মেই সুযোগ পাবেন।
সূত্র : বিবিসি






