খোঁচা ইরানের
‘ট্রাম্পের সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ বাংলাদেশের মহিষ’

‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ
বাংলাদেশের নারায়ণগঞ্জে বেড়ে ওঠা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো মহিষ এখন বিশ্বজুড়ে আলোচনায়। বৈশ্বিক প্রভাবশালী গণমাধ্যমেও সংবাদ হয়েছে এ মহিষ। এবার মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরানও।
রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্ট থেকে শুক্রবার মহিষটির ভিডিও শেয়ার করে রসিকতা করেছে তারা। ভিডিওর ক্যাপশনে তারা লিখেছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ বাংলাদেশের মহিষ।’
তাদের শেয়ার করা ভিডিওটি অবশ্য রুশ সংবাদমাধ্যম আরটির। মূল ভিডিওর শিরোনামটিও ওই পোস্টে যুক্ত করেছে ইরান দূতাবাস। লেখা হয়েছে, ‘মানুষের ভিড়ে অতিষ্ঠ হয়ে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে এক বাংলাদেশি মহিষ।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল আছে মহিষটির। বিশেষ করে এটির মাথায় থাকা চুল ট্রাম্পের সোনালি চুলের সঙ্গে মিলে যায়। তাই মহিষটির নাম দেওয়া হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৭০০ কেজি ওজনের মহিষটি। এটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। সম্প্রতি ঢাকার মার্কিন দূতবাসের কর্মীরাও দলবলে দেখতে গিয়েছিলেন বাংলাদেশি এই ‘ডোনাল্ড ট্রাম্প’কে।







