পাকিস্তানে তল্লাশি চৌকিতে হামলা, ৬ আধাসামরিক সদস্য নিহত

ছবি: রয়টার্স
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলায় অন্তত ছয়জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া জিম্মি করা হয়েছে আরও তিনজনকে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এমন তথ্য।
স্থানীয় ইংরেজি দৈনিক ডনের খবরে বলা হয়, প্রতিবেশী আফগানিস্তানসংলগ্ন উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশাওয়ারের উপকণ্ঠে এই ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়েছে পত্রিকাটি।
সংঘর্ষে সন্দেহভাজন আট সশস্ত্র যোদ্ধাও নিহত হয়েছে। এছাড়া চারজন আধাসামরিক সদস্য আহত হয়েছেন।
পত্রিকাটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী চৌকিটি দখলের সশস্ত্র যোদ্ধাদের চেষ্টা ‘ব্যর্থ করে দিয়েছে’।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর জোট তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ ধরনের হামলার সঙ্গে জড়িত ছিল।
গত মাসে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এক মূল্যায়নে জানিয়েছিল, টানা দুই মাস পরিস্থিতির উন্নতির পর মে মাসে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির তীব্র অবনতি হয়েছে। মূলত খাইবার পাখতুনখাওয়া ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে সশস্ত্র সহিংসতা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।




