খুব শিগগিরই ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু : শাহবাজ শরিফ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের ৬টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর ইরান ও ওয়াশিংটনের শান্তিচুক্তির আলোচনা খুবই দ্রুত অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে ইসলামাবাদ।
রোববার সকালে সামাজিকমাধ্যম এক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লিখেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ‘খুব শিগগিরই হতে পারে।
এর আগে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানসহ সাতটি মুসলিম দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, সৌদি আরবের যুবরাজ; সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও মিশরের প্রেসিডেন্ট; কাতারের আমির, প্রধানমন্ত্রী ও বোর্ড অফ পিস’-এর একজন মন্ত্রী ; এবং জর্ডান ও বাহরাইনের রাজার সঙ্গে তার একটি খুব ভালো আলোচনা হয়েছে।
ট্রাম্প উল্লেখ করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপটিও খুব ভালোভাবে হয়েছে।
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, মুসলিম নেতারা ট্রাম্পকে ইরানের দিক থেকে আসা যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে সম্মত হতে উৎসাহিত করেছেন।
স্থায়ী শান্তি বজায় রাখতে পারে এমন একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অন্যান্য বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনায় মধ্যস্থতা ও তত্ত্বাবধানের ক্ষেত্রে ইসলামাবাদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সূত্র: আলজাজিরা






