সিরিয়ায় আইএসের ১০ সদস্যকে আটক তুরস্কের

ছবি: রয়টার্স
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সিরিয়ায় অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন ১০ সদস্যকে আটক করে তুরস্কে নিয়ে গেছে। শনিবার নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু সংবাদ সংস্থা।
সূত্রগুলো জানায়, তুরস্কে অতীতের বিভিন্ন হামলার সঙ্গে যুক্ত ছিলেন সিরিয়ার গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে আটক ব্যক্তিরা।
রাষ্ট্রীয় মালিকানাধীন আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিদের সবাই তুর্কি বংশোদ্ভূত এবং তাদের একজনের ২০১৫ সালে আঙ্কারা রেলস্টেশনে চালানো বোমা হামলার হামলাকারীদের সঙ্গে যোগাযোগ ছিল। ওই হামলায় নিহত হয়েছিল ১০০ জনের বেশি মানুষ।
সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, তুরস্কসংক্রান্ত কার্যক্রমে ইসলামিক স্টেটের গোয়েন্দাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আটক আরেক ব্যক্তি।
তাদের বিরুদ্ধে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেওয়া, প্রচারণামূলক কাজ করা এবং হামলার পরিকল্পনা বা সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।






