আবার চুক্তির কথা ট্রাম্পের মুখে
- লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৮
- হরমুজে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী দুই বা তিন দিনের মধ্যেই ইরানের সঙ্গে হতে পারে একটি চুক্তি। যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত ভালো চুক্তির একেবারে শেষ পর্যায়ে রয়েছে। যার ফলে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরান। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেছেন তিনি।
ট্রাম্প বললেন, চুক্তিটি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। ইসরায়েল ও ইরান অন্তত এক সপ্তাহের জন্য একে অপরকে আক্রমণ করা থেকে বিরত থাকবে বলে জানিয়েছে।
ট্রাম্পের ভাষ্য, ‘তিনি (নেতানিয়াহু) আক্রান্ত হয়েছিলেন এবং পাল্টা আঘাত করেছেন। এর জন্য তাকে দোষ দিতে পারি না আমি।’
এক বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধবিরতির আগের সময়সহ মার্চের শেষদিক থেকে এখন পর্যন্ত অন্তত ৩৭ বার ট্রাম্প প্রকাশ্যে বলেছেন— একটি চুক্তি আসন্ন। অথবা দাবি করেছেন, মরিয়া হয়ে সমঝোতায় পৌঁছাতে চাইছে ইরান।
এদিকে যুদ্ধবিরতি ও ইরানের সতর্কতা সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর মধ্যে মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের টায়ারে বিমান হামলায় আটজন নিহত হয়েছেন। আলজাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা। এর আগে টায়ারের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল ইসরায়েল। তারা বলেছিল, সেখানে থাকা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার যে হামলা হয়েছে, সেটি অত্যন্ত জনবহুল এলাকা।
অনদিকে অবরুদ্ধ হরমুজ প্রণালির ওপর দিয়ে ওড়ার সময় মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এটিতে থাকা দুই পাইলটই ‘ভালো আছেন’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ তথ্য জানা গেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি কেন বিধ্বস্ত হলো, তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধে এই অঞ্চল অন্যতম প্রধান বিরোধপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আসছে। মঙ্গলবার ভোরের দিকে প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বললেন, ‘পাইলটরা ভালো আছেন’ এবং এ ঘটনায় কেউ আহত হননি।




