মৌসুম সেরা গোলকিপার বার্সার গার্সিয়া

সংগৃহীত ছবি
মৌসুম জুড়ে গোলপোস্টের সামনে ছিলেন অতন্দ্র প্রহরী হয়ে। হোয়ান গার্সিয়ার দুর্দান্ত কিপিংয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। মৌসুম শেষে দারুণ এই পারফরম্যান্সের পুরস্কারও পেলেন এই তরুণ কিপার। নিজের প্রথম মৌসুমে সেরা কিপার নির্বাচিত হয়েছেন তিনি।
লা লিগায় মৌসুমের সেরা গোলকিপারের স্বীকৃতি হিসেবে জামোরা ট্রফি দেয় বিখ্যাত স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা। রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া ও গেতাফের ডেভিড সোরিয়াকে পেছনে ফেলেছেন গার্সিয়া।
এস্পানিওল থেকে গত মৌসুমে গার্সিয়াকে দলে ভেড়ায় বার্সা। দ্রুতই হান্সি ফ্লিকের দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি। অনেক ম্যাচেই তার একক কৃতিত্বে গোল হজম করেনি কাতালান ক্লাবটি।
মূলত ‘ম্যাচ প্রতি গোল হজম’ অনুপাত বিবেচনা করে দেওয়া হয় জামোরা ট্রফি। ৩০ ম্যাচ খেলে এবার মাত্র ২১ গোল হজম করেন গার্সিয়া।
২০২৬ বিশ্বকাপের স্পেন দলেও জায়গা করে নিতে পারেন ২৫ বছর বয়সী গার্সিয়া। কোচ লুইস দে লা ফুয়েন্তে দল ঘোষণা করবেন আগামীকাল সোমবার।






