ফোর্বসের জারিপ
আয়ে শীর্ষেই রোনালদো

গত ১২ মাসে ৩০ কোটি ডলার আয় করেছেন রোনালদো। ঝবি: সংগৃহীত
মাঠের মত মাঠের বাইরেও প্রভাব ধরে রেখেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। টানা চতুর্থবার আয়ে শীর্ষে রয়েছেন এই পর্তুগিজ কিংবদন্তি। যুক্তরাষ্ট্রের ব্যবসা–বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বসের জরিপে গত ১২ মাসে কর এবং এজেন্ট ফি বাদে আনুমানিক ৩০ কোটি ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৬৮৩ কোটি ৬২ লাখ টাকা আয় করেছেন তিনি।
ফোর্বসের আয়ের তালিকায় এ নিয়ে ষষ্ঠবার শীর্ষে রইলেন রোনালদো। বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানও শীর্ষে ছিলেন ছয়বার। এই দুজনের চেয়ে এগিয়ে কেবল টাইগার উডস। রেকর্ড ১১ বার শীর্ষে উঠেছেন যুক্তরাষ্ট্রের এই গলফ কিংবদন্তি।
রোনালদোর আয়ের ২৩ কোটি ৫০ লাখ ডলার পেয়েছেন আল নাসরের চুক্তি থেকে। বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন বিজ্ঞাপন, লাইসেন্সিং, স্মারক বিক্রি আর ব্যবসা থেকে।
৩০ কোটি ডলার আয়টাও যৌথভাবে রেকর্ড। ১৯৯০ সালে ফোর্বস অ্যাথলেটদের আয়ের তালিকা প্রকাশের পর কেবল ২০১৫ সালে ফ্লয়েড মেওয়েদার জুনিয়র আয় করেছিলেন ৩০ কোটি ডলার। মুদ্রাস্ফীতি সমন্বয় করলে সেই অঙ্কটা এখন হবে প্রায় ৪২ কোটি ৭০ লাখ।
মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ ১৭ কোটি ডলার আয় নিয়ে রোনালদোর পরই আছেন দুইয়ে। লিওনেল মেসি তিনে আছেন ১৪ কোটি ডলার আয় নিয়ে। এরপর আছেন লেব্রন জেমস (১৩.৭৮ কোটি ডলার), শোয়েই ওহতানি (১২.৭৬ কোটি) ও স্টিফেন কারি (১২.৪৭ কোটি)।






