ম্যাগুয়ের-আর্নল্ডদের ছাড়াই বিশ্বকাপে ইংল্যান্ড

ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফাঁস’ করে দিয়েছিল চূড়ান্ত স্কোয়াড। শেষ পর্যন্ত কোচ টমাস টুখেলের ঘোষণায় মিলল সত্যতা। ফিল ফোডেন, হ্যারি ম্যাগুয়ের, কোল পালমারদের মতো বড় তারকাকে রেখেই বিশ্বকাপ মিশনে যাচ্ছে হ্যারি কেইনের ইংল্যান্ড।
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ইংল্যান্ড দলের নতুন অফিসিয়াল অ্যাপের মাধ্যমে লাইভ অনুষ্ঠানে বিশ্বকাপের দল ঘোষণা করেছে। স্কাই স্পোর্টসের উপস্থাপক কাইল ওয়াকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথি ছিলেন ড্যানিয়েল স্টারিজ ও থিও ওয়ালকট। তাদের সঙ্গে যোগ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেন কোচ টুখেল।
ক্লাব ফুটবলে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ফোডেন ও পালমার, তাই তাদের রাখা হয়নি স্কোয়াডে। টুখেল সংবাদ সম্মেলনে জানালেন এমনটাই, ‘তাদের বিশ্বকাপে না থাকার খবরটি দেওয়া বেশ কঠিন ছিল। ফোনকলের সময়ও আমি তাদের আবেগ অনুভব করতে পারছিলাম। তাই আমি সেসব খেলোয়াড়কে ফোন করেছিলাম, যারা অন্তত একবার হলেও আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। আমি তাদের ফোন করেছিলাম, কারণ অন্তত তাদের কাজের জন্য কৃতজ্ঞতা এবং সম্মান জানাতে চেয়েছিলাম।’
জায়গা হয়নি ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড, লুক-শদেরও। দল থেকে বাদ পড়ার খবর পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাগুয়ের।
হ্যারি কেইন, বুকায়ো সাকা, ডেকলান রাইসদের মতো তারকাদের নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ইংল্যান্ড। অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস ও আল আহলিতে খেলা ইভান টনি আছেন দলে। ওয়াটকিনস এবার জিতেছেন ইউরোপা লিগ। সৌদি লিগে খেলা টনি এ মৌসুমে ৩২ ম্যাচে করেছেন ৩২ গোল। আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এরপর ২৩ জুন ঘানা এবং চার দিন পর পানামার মুখোমুখি হবে তারা।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল
গোলকিপার: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)।
ডিফেন্ডার: রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্টো, ড্যান বার্ন (নিউক্যাসল), মার্ক গুয়েহি, জন স্টোন্স, নিকো ও’রাইলি (সবাই ম্যানচেস্টার সিটির), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), জেদ স্পেন্স (টটেনহাম)।
মিডফিল্ডার: ডেকলান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহাম ফরেস্ট), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), কোবি মাইনো (ম্যানচেস্টার ইউনাইটেড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), এবেরেচি এজি (আর্সেনাল)।
ফরোয়ার্ড: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ইভান টনি (আল-আহলি), অলি ওয়াটকিনস (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা, নোনি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)।






