খন্দকার মারুফ
তারেক রহমানের প্রতিটি পদক্ষেপ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

এমপি খন্দকার মোশাররফ হোসেনের দেওয়া চিকিৎসা সহায়তার অর্থ মিজান পাপ্পুর হাতে তুলে দিচ্ছেন খন্দকার মারুফ।
সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিটি পদক্ষেপ ও গৃহীত সিদ্ধান্ত মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
তিনি বলেছেন, যেখানেই মানবতা ভূলুন্ঠিত হচ্ছে, তারেক রহমান সেখানেই মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন, সাহস যোগাচ্ছেন, আইনি ব্যবস্থা নিচ্ছেন।
শনিবার (২৩ মে) কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুরে ক্যান্সারে আক্রান্ত গুরুতর অসুস্থ কুমিল্লা (উত্তর) জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজান পাপ্পুকে দেখতে গিয়ে এসব কথা বলেছেন ড. মারুফ।
এ সময় বিএনপি দলীয় স্থানীয় এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের দেওয়া চিকিৎসা সহায়তার নগদ অর্থ মিজান পাপ্পুর হাতে তুলে দেন খন্দকার মারুফ।
তার সঙ্গে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, কুমিল্লা (উত্তর) জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম ও সাধারণ সম্পাদক ডা. মোসলেম উদ্দিন প্রমুখ।
খন্দকার মারুফ হোসেনের ভাষ্য, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী সান্ত্বনা জানাতে তার বাসায় গেছেন। নিহতের বড় বোনের চাকরির ব্যবস্থা এবং দ্রুত বিচারের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন। তার এই মানবিক উদ্যোগ সকল মহলে প্রশংসিত।
তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিত্ব। তেমনই বিএনপি এবং বর্তমান সরকারও মানবিক। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছিল সম্পূর্ণ ফ্যাসিস্ট, নিষ্ঠুর ও অমানবিক। তারা গায়ের জোরে ক্ষমতায় থেকে জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। দেশের গণতন্ত্র ও অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংস করে পালিয়ে গেছে।
‘জনগণের নিরঙ্কুশ ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসেছে। সরকার দেশের উন্নয়ন, মানবিক দায়িত্ব পালন এবং মানুষকে উন্নত জীবনযাপনের স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করছে। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তুপ থেকে দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ’— যোগ করেন ড. মারুফ।
এর আগে খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি উপজেলার রায়পুর বধ্যভূমিতে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।






