হাম মোকাবিলায় চিকিৎসাসামগ্রী অনুদান দিল আইসিআরসি

সংগৃহীত ছবি
বাংলাদেশে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।
আজ রবিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। আইসিআরসি ঢাকা ডেলিগেশনের পক্ষ থেকে হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জলিসা খানম আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।
এই অনুদানের আওতায় ১৪টি অক্সিজেন কনসেনট্রেটর, ৫৭০টি এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস, ১২টি ব্যাগ-ভালভ-মাস্ক রিসাসিটেটর এবং ম্যানুয়াল সাকশন ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। যা জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া সক্ষমতা জোরদার করার পাশাপাশি শ্বাসকষ্টজনিত জটিলতা এবং অন্যান্য জরুরি রোগী ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে জরুরি প্রস্তুতি ও স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে মানবিক সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিআরসি।






