স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের বৈঠক
- কারাবন্দিদের চিকিৎসা-রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

সংগৃহীত ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নিকোলাস ফ্লাউরি।
বৈঠকে কারাবন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পুরনো জেল কোড যুগোপযোগী করা, পুলিশ ও কারা পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।
আজ রবিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইসিআরসি বাংলাদেশের প্রধান নিকোলাস ফ্লাউরি জানিয়েছেন, দেশের বিদ্যমান জেল কোড আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কারাগারে স্বাস্থ্যসেবা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়েও আলাদা প্রস্তাব দেওয়া হয়েছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, কারাবন্দিদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিশেষজ্ঞ হাসপাতালে পাঠানো হচ্ছে। পাশাপাশি কারাগারের মেডিকেল ইউনিটের মাধ্যমে নিয়মিত প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
পুলিশ ও কারা পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আইসিআরসির প্রশিক্ষণ উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী জানালেন, এ ধরনের প্রশিক্ষণ আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারত্ব বাড়াতে সহায়ক হবে। জবাবে নিকোলাস ফ্লাউরি জানিয়েছেন, পুলিশের জন্য ফার্স্ট এইড ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উচ্চতর প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, বাংলাদেশ সরকার চায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রোহিঙ্গা সংকট সবসময় সক্রিয় থাকুক। রোহিঙ্গাদের মানবিক ও চিকিৎসাসেবা প্রদানে আইসিআরসির অব্যাহত সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানালেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। আইসিআরসির মানবিক কার্যক্রমে প্রশাসনিক ও নীতিগত সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্ম সচিব রেবেকা খান ও উপসচিব বেগম মিনারা নাজমীন।






