আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন, আদালতে সুব্রত বাইনের মেয়ে বিথী

কারাগার থেকে বিথীকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। ছবি : আগামীর সময়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না নামের এক নারীকে হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে বিথী আদালতের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বারবার নতুন নতুন মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। এভাবে মামলা না দিয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন।’
‘আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। আমি ছাত্রলীগ বা যুবলীগের সাথে জড়িত থাকবো কীভাবে? শুধুমাত্র বাবার কারণে আমাকে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। আমার ১৩ বছরের একটা কন্যাসন্তান আছে। এর আগে আমি একটি মামলায় জামিন পেয়েছিলাম, কিন্তু জামিন পাওয়ার পর আবারও সাজানো মামলা দেওয়া হয়েছে। বারবার এত মামলা দেওয়ার কারণ কী, আমি জানি না’, নিজের সন্তানের কথা উল্লেখ করে বলছিলেন বিথী।
এদিন কারাগার থেকে বিথীকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।
এর আগে গত ১৫ মে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান আসামি বিথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।
মামলার বিবরণী থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে ভাটারা থানার আওতাধীন সড়কের ওপর আন্দোলনে অংশ নেন সোহেলী তামান্না। ওই সময় আন্দোলনকারীদের ওপর বেপরোয়াভাবে গুলিবর্ষণ ও হামলা চালানো হয়। আসামিদের ছোড়া গুলিতে সোহেলী তামান্না গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।
পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি নিজেই বাদী হয়ে ভাটারা থানায় এই মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে বিথীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে ঢাকা ও আশপাশের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের মেয়াদ শেষে আদালতের আদেশে তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।






