এবার দুদকের মামলায় গ্রেপ্তার জ্যাকব

দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য এবং পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে। কারাফটকে এক দিন জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিনের বিষয়ে শুনানির জন্য ১৬ জুন দিন ধার্য হয়েছে। গতকাল শনিবার এ আদেশ দিয়েছেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
কারাগার থেকে জ্যাকবকে হাজির করা হয় আদালতে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে তাকে গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন প্রসিকিউটর হাফিজুর রহমান।
এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে জ্যাকবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে। জ্যাকবের বিরুদ্ধে ১৩ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করে ভোগদখলে রাখা এবং বিভিন্ন ব্যাংক হিসাবে ৮৫ কোটি ৬৯ লাখ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ তুলেছে দুদক।






