কলাবাগানে শিশুকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী বৃদ্ধ কারাগারে

সংগৃহীত ছবি
চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে রাজধানীর কলাবাগানে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলমগীর হুদা রুবেল নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই বৃদ্ধের বয়স ৬৩ বছর।
শনিবার তাকে আদালতে পাঠানো হলে দেওয়া হয় কারাগারে পাঠানোর নির্দেশ। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।
তার ভাষ্য, ঘটনার দিনই ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে করা হয়েছে একটি মামলা। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় রুবেলকে।
স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত রুবেলের বাড়ি নর্থ সার্কুলার রোডে। স্ত্রী-সন্তান না থাকায় ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন তিনি। ভুক্তভোগী শিশুটি তার প্রতিবেশীর সন্তান। ঘটনার দিন ফাঁকা বাড়ি পেয়ে ভুক্তভোগীকে চকলেট দেওয়ার প্রলোভনে ঘরে ডেকে নেন রুবেল। এরপর আশপাশের মানুষজন বিষয়টি বুঝতে পারে অভিযুক্তকে আটক করে এবং থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে থানা হেফাজতে নেয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক দুলাল হক আগামীর সময়কে বলেন, ভুক্তভোগীর অভিযোগ সত্য বলে স্বীকার করেছেন অভিযুক্ত রুবেল। আইনি প্রক্রিয়া মেনে আদালতে পাঠানো হয়েছে তাকে। আদালত তাকে পাঠিয়েছে কারাগারে।






