৭৯তম কান চলচ্চিত্র উৎসব
পেনেলোপির দ্যুতি, ১৬ মিনিটের অভিবাদন

কান উৎসবের লালগালিচায় পেনেলোপি ক্রুজ- ছবি: রয়টার্স
স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপি ক্রুজের উপস্থিতিতে আলোকিত হলো কান চলচ্চিত্র উৎসব। ‘দ্য ব্ল্যাক বল’ রেকর্ড ১৬ মিনিটের অভিবাদন (স্ট্যান্ডিং ওভেশন) পেল। ছবিটিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন ৫২ বছর বয়সী এই তারকা। এর আগে আসরের মূল কেন্দ্র পালে দে ফেস্টিভ্যালের লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রদর্শনী শেষে ১৬ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পায় সিনেমাটি। এর মাধ্যমে ১০ মিনিট অভিবাদন পাওয়া রোমানিয়ার ‘ফিয়র্ড’কে ছাড়িয়ে গেল এটি।
স্পেনের ৮৫ বছরের ইতিহাস জুড়ে বিস্তৃত ‘দ্য ব্ল্যাক বল’ চলচ্চিত্রে তিনটি ভিন্ন সময়ের (১৯৩২, ১৯৩৭ ও ২০১৭) তিন সমকামী পুরুষের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে। আকাঙ্ক্ষা, হারিয়ে ফেলা ভালোবাসা এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে যাওয়া উত্তরাধিকার — এসবই এই সিনেমার মূল সুর।
‘দ্য ব্ল্যাক বল’ নামটি এসেছে সামাজিক বর্জনের এক প্রতীকী রীতি থেকে, যেখানে গ্রানাডার একটি ক্লাবে এক তরুণ সমকামী পুরুষের সদস্যপদ বাতিল করতে ভোটের বাক্সে কালো বল ফেলা হয়।
সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ‘লোস হাভিস’ নামে পরিচিত স্পেনের হাভিয়ের আমব্রোসি ও হাভিয়ের কালভো। চলচ্চিত্রটি নির্মাণে স্প্যানিশ কবি-নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকার অসমাপ্ত উপন্যাসের চারটি পৃষ্ঠা থেকে অনুপ্রেরণা পেয়েছেন তারা।






