আন্তর্জাতিক অলিম্পিয়াডে সেন্ট জোসেফের শিক্ষার্থী আজমাইনের সাফল্য

সংগৃহীত ছবি
ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল কম্পিটিশনে (বায়ন) বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. আজমাইন ইকতিদার শাহেদ।
ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড কনটেস্ট (আইএসওসি) ও ইন্টারন্যাশনাল ব্রিলিয়ান্ট মাইন্ডস অলিম্পিয়াড (আইবিএমও)-এর অধীনে আয়োজিত হয়েছে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় প্রিলিমিনারি ও ফাইনাল রাউন্ড—উভয় পর্যায়ে অংশগ্রহণকারী একমাত্র বাংলাদেশি প্রতিযোগী ছিল আজমাইন।
প্রতিযোগিতায় তার অর্জনগুলো হলো ইংলিশ লেভেল-২ বিভাগে গোল্ড মেডেল; সায়েন্স লেভেল-২ বিভাগে সিলভার মেডেল ও সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে অনারেবল মেনশন-২।
গত ১৯ এপ্রিল প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড ও ৩০ এপ্রিল ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি রাউন্ডে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা ১০০ জন ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ লাভ করে।
আজমাইন প্রিলিমিনারি রাউন্ডে টপ-৩-এর মধ্যে স্থান অর্জন করে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। ফাইনাল রাউন্ডে ইংলিশ লেভেল-২ বিভাগে ৯০০ নম্বর অর্জন করে গোল্ড মেডেল লাভ করে সে। একইভাবে সায়েন্স লেভেল-২ বিভাগেও ৯০০ নম্বর অর্জন করে সিলভার মেডেল অর্জন করে। বিভিন্ন বিভাগে সামগ্রিক ফলাফলের ভিত্তিতে অনারেবল মেনশন-২ সম্মাননায় ভূষিত হয় আজমাইন।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে পেরে আনন্দিত আজমাইন।
আইবিএমও হলো প্যাটেরন ইন্দোনেশিয়া কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন একাডেমিক অলিম্পিয়াড। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাশক্তি, একাডেমিক উৎকর্ষ, সৃজনশীল সমস্যা সমাধানের দক্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।




