জাপানে কমেছে মূল্যস্ফীতি

প্রতীকী ছবি
জাপানে মূল্যস্ফীতির হার এপ্রিল মাসে কমে ১ দশমিক ৪ শতাংশ হয়েছে। গতকাল শুক্রবার প্রকাশিত সরকারি তথ্যে এ খবর জানা গেছে। পচনশীল খাদ্যপণ্যের অস্থির মূল্য বাদ দিয়ে হিসাব করা ভোক্তা মূল্যস্ফীতি মার্চ মাসে ছিল ১ দশমিক ৮ শতাংশ। এপ্রিল মাসে তা কমে দাঁড়ায় ১ দশমিক ৪ শতাংশে, যা বাজারের পূর্বাভাস ১ দশমিক ৭ শতাংশের চেয়েও কম।
এ তথ্য এমন সময়ে সামনে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহ ব্যাহত হয়ে দাম বাড়ছে। এর ফলে জাপানের মতো আমদানিনির্ভর দেশগুলোয় জ্বালানি ও অন্যান্য পণ্যের খরচও বাড়ছে।
মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতে দেশটির প্রধানমন্ত্রী দ্রুত একটি অতিরিক্ত বাজেট তৈরির উদ্যোগ নিচ্ছেন, যাতে ভর্তুকি ও আর্থিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের ওপর ব্যয়ের চাপ কমানো যায়।
তবে এপ্রিল মাসে জ্বালানির দাম কিছুটা কমেছে। কারণ সরকার আগের মাস থেকেই জরুরি ভর্তুকি কর্মসূচি চালু করেছে, যার মাধ্যমে পেট্রলের দাম কমানোর চেষ্টা চলছে। পাশাপাশি গাড়িচালকদের জন্য কর ছাড়ের সুবিধাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়, এপ্রিল মাসে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৬৭ শতাংশ কমে গেছে। একইভাবে ওই অঞ্চল থেকে অন্যান্য জ্বালানি ও সংশ্লিষ্ট পণ্যের আমদানিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।






