গুলশানে জমি কেনার অনুমোদন পেল এমটিবি

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) করপোরেট প্রধান কার্যালয় নির্মাণের লক্ষ্যে ঢাকার অভিজাত গুলশান এভিনিউ এলাকায় জমি কেনার অনুমোদন পেয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সম্মতি প্রদান করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
সূত্র মতে, ঢাকা-১২১২-এর গুলশান এভিনিউয়ের রোড নং–১১৩, বাড়ি নং–১১০-এ অবস্থিত ১ বিঘা (২০ কাঠা) জমি ক্রয় করা হবে। উক্ত জমিতেই এমটিবির আধুনিক ও সুযোগ-সুবিধাসম্পন্ন করপোরেট প্রধান কার্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, এর আগে একই উদ্দেশ্যে ঢাকার বেরা এলাকায় ৬০ কাঠা (৩ বিঘা) জমি ক্রয়ের একটি প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপন করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই প্রস্তাব অনুমোদন না দেওয়ায় তা বাতিল করা হয়। বেরা এলাকায় জমি ক্রয়ের প্রস্তাব বাতিল সংক্রান্ত খবর গত ১২ জুন ২০২৪ তারিখে ডিএসই প্রকাশ করেছিল।
এদিকে, জমি ক্রয়ের অনুমোদনের পাশাপাশি এমটিবির লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য কোনো নগদ লভ্যাংশ না দিয়ে শুধুমাত্র বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ব্যাংকটিকে উল্লেখযোগ্য অঙ্কের অতিরিক্ত আয়কর পরিশোধ করতে হচ্ছে।
ডিএসই সূত্রে জানা যায়, ২০২৫ সালে এমটিবির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ১৪ পয়সা। এ বছরে ব্যাংকটির মোট নিট মুনাফা হয়েছে ৩৩৯ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে ১২ শতাংশ বোনাস শেয়ার হিসেবে ১২৯ কোটি ৭৭ লাখ টাকা ব্যবহার করে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। বাকি ২০৯ কোটি ৮০ লাখ টাকা, যা মোট মুনাফার প্রায় ৬২ শতাংশ, রিটেইন আর্নিংস হিসেবে রাখা হবে।
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ী শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি কোনো অর্থবছরে নগদ লভ্যাংশের তুলনায় বেশি বোনাস শেয়ার দিতে পারবে না। অর্থাৎ বোনাস লভ্যাংশের হার সর্বোচ্চ নগদ লভ্যাংশের সমান হতে হবে। এর ব্যতিক্রম হলে অতিরিক্ত বোনাস শেয়ারের ওপর ১০ শতাংশ হারে কর আরোপের বিধান রয়েছে।
সে অনুযায়ী, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণার কারণে এমটিবিকে ১২৯ কোটি ৭৭ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে প্রায় ১২ কোটি ৯৮ লাখ টাকা অতিরিক্ত আয়কর দিতে হবে।
এর আগের বছরও একই পরিস্থিতির মুখে পড়ে ব্যাংকটি। সে বছর ৩১৬ কোটি ৬৫ লাখ টাকা মুনাফা হলেও পরিচালনা পর্ষদ শুধুমাত্র ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিল, যার বিপরীতে ব্যাংকটিকে ৯৮ কোটি ৩১ লাখ টাকার বোনাস শেয়ারের ওপর ১০ শতাংশ হারে প্রায় ৯ কোটি ৮৩ লাখ টাকা অতিরিক্ত কর দিতে হয়েছিল।




