আবারও কমলো সোনার দাম

সংগৃহীত ছবি
ঈদের আগে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বাজুস। নতুন এ দাম কার্যকর হবে এদিন সকাল ১০টা থেকে।
এতে বলা হয়, তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভা থেকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল। তবে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও সেই পরিমাণ দাম কমানো হলো।
নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম এখন থেকে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ২১ মে সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ নিয়ে এ বছর ৬৮ বার সমন্বয় করা হলো সোনার দাম।






