ব্যাংক-শেয়ারবাজার খোলা আজ

ঈদের বন্ধের মধ্যে ২৫ ও ২৬ মে তৈরি পোশাক-সংশ্লিষ্ট ব্যাংক শাখায় সীমিত পরিসরে লেনদেন হবে। পোশাকশিল্পের বেতন, বোনাস পরিশোধের সুবিধায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ দুদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। আর ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত। আজ শনিবার (২৩ মে) ও পরদিন রবিবার (২৪ মে) ব্যাংক স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। এরপর ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সাত দিন ব্যাংক বন্ধ থাকবে। মূলত ঈদের আগে ২৫ মে সোমবার এবং ২৬ মে মঙ্গলবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার এলাকায় তৈরি পোশাক-সংশ্লিষ্ট শাখায় লেনদেন হবে। এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা এবং বুথগুলোতে আমদানি-রপ্তানির কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল শুক্রবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের নির্বাহীদের পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার তফসিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।






