সাভারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

সাভারে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার কমলাপুর এলাকার দারুল কোরআন বাহারুন্নেছা কমলাপুর মহিলা মাদ্রাসা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গ্রেপ্তার শিক্ষক মো. কামরুজ্জামান (৩৬) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি সাভারের কলমাপুর এলাকায় বসবাস করতেন এবং ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রী মাদ্রাসার ছাত্রীবাসে থেকে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন। শুক্রবার বিকালে একটি শ্রেণিকক্ষে ছাত্রীকে একা পেয়ে তিনি শ্লীলতাহানি করেন।
পরে ওই ছাত্রী ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। শনিবার সকালে স্বজন ও স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন।
সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হাসান জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষককে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেছে এবং সেই মামলায় কামরুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।






