সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ছবি: আগামীর সময়
সিলেট বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩ জন হাম সন্দেহে রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রবিবার আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মারা যাওয়া শিশুটির নাম লাবিবা। তার বয়স ছিল ৮ মাস। সে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রামপুর এলাকার জুয়েল হকের মেয়ে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে একজনের শরীরে ল্যাব কনফার্ম হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৭৩ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৩১ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ২৬ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ২৯৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন ভর্তি আছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৯ জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ৮৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেটে ৪২ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ১৬ জন শনাক্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৮ জন। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম ও রুবেলার বিস্তার ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।






