আদালত থেকে মামলার নথি চুরি, গ্রেপ্তার ৪

সংগৃহীত ছবি
নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত থেকে একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া নথিও। শিগগিরই ঘোষণার কথা ছিল মামলাটির রায়।
আজ শনিবার দুপুর ১টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেলের অনলাইন গ্রুপে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে এস এম আকাশ (২৬), জেলা যুগ্ম ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ। তার ভাই সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ এবং রানীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের আমজাদের ছেলে সবুজ (৪০)।
পুলিশ সুপার উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (২১ মে) নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে ৯০৪/২০২২ নম্বর মামলার নথি হারিয়ে যায়। একই সঙ্গে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে আদালতের এক কর্মচারীর কাছে নথি ফেরত দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
ঘটনার পর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে প্রথমে রাজশাহীর বাগমারা এলাকায় অভিযান চালানো হয়। পরে মূল অভিযুক্তকে শনাক্ত করে সদর উপজেলার সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আকাশ খড়ের পালা থেকে মামলার নথি বের করে দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া নথিগুলো একটি গুরুত্বপূর্ণ মামলার। মামলার রায় ঘোষণার সময় ঘনিয়ে আসায় নথি চুরির পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।






