রূপগঞ্জে ইয়াবা-বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রূপগঞ্জের তারাবো পৌরসভা এলাকার তেতলাব গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলো— তারাবো পৌরসভার সুলতান, নয়ন মিয়া ও রাজ রায়হান রাব্বি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, তারাবো পৌরসভার তেতলাব এলাকায় মাদক কারবারি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। শনিবার রাতে সেখানে মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। পরে মাদক চক্রের মূল আস্তানা ঘেরাও করে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
‘এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।’
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






