অবশেষে ভিজিএফের ৪০০০ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা

সংগৃহীত ছবি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাদের হাতে ভিজিএফের কার্ড তুলে দিচ্ছেন ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
তোপের মুখে আজ রবিবার দুপুরে চেয়ারম্যানের কাছে ভিজিএফের এসব কার্ড ফেরত দেন বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ তার কার্যালয়ে ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড হস্তান্তর করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের কাছে। পরে সেই কার্ড বিতরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে।
এ বিষয়ে বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেছেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্ড দেওয়ার পরই আমি উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলি। দলীয় কোনো নির্দেশনা না থাকায় চেয়ারম্যানের কাছেই কার্ডগুলো রেখে চলে আসি। স্থানীয় বিএনপির কেউ কোনো ভিজিএফ কার্ড নেননি।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেছেন, ‘দলীয় নির্দেশনার বাইরে ওই কার্ড নেওয়ার কোনো এখতিয়ার নেই।’
এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেছেন, ‘বিএনপি নেতাদের দেওয়া কার্ডগুলো ফেরত নেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করা হবে।’






