পরিবেশ দূষণের দায়ে শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সংগৃহীত ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অর্থদণ্ড পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো, শ্রীমঙ্গল ল্যাটেক্স নামের একটি প্রতিষ্ঠান ও আরফান মিয়ার মালিকানাধীন প্লাস্টিক ভাঙার একটি কারখানা।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভূনবীর চৌমুহনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ বলেছেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে দ্রুত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব উপায়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে তাদেরকে। পরিবেশবিরোধী কার্যক্রম ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







