ট্রাকচাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

ছবি: আগামীর সময়
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বড় মসজিদের সামনে।
নিহত ব্যক্তিরা হলেন ঘোড়াঘাট উপজেলার নুরপুর এলাকার আব্দুল মোশারফের ছেলে আল আমিন (১৫), মোখলেসপুর এলাকার সালিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) আফসারাবাদ কলোনি এলাকার সহমেষ উদ্দীনের ছেলে কাইয়ুম (২০)।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি জানালেন, আজ শনিবার সকালে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রানীগঞ্জ বাজার থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি ট্রাকের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই একজন নিহত হন।
আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।
ওসি আরও জানালেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে ঘাতক ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ।






