কোল ফেইস বোনাসের দাবিতে বড়পুকুরিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

ছবি: আগামীর সময়
বড়পুকুরিয়া কয়লাখনিতে কোল ফেইস বোনাসের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খনির প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন খনির শ্রমিকরা। বিক্ষোভ মিছিল শেষে অবস্থান ধর্মঘটে বক্তব্য দেন সংগঠনের সভাপতি রাহেনুল ইসলাম, সাধারণ সম্পাদক রহেনুর রহমান, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম রবি এবং আন্দোলন পরিচালনা কমিটির সদস্যসচিব আশরাফুল আলম।
বক্তারা অভিযোগ করেন, গত জানুয়ারিতে খনির ভূগর্ভস্থ ১৪০৬ নম্বর কোল ফেইসের কয়লা উত্তোলন শেষ হলেও এখনো শ্রমিকদের বোনাস দেওয়া হয়নি। তাদের দাবি, পেট্রোবাংলার কিছু কর্মকর্তার কারসাজির কারণে প্রায় দেড় কোটি টাকার বোনাস আটকে রাখা হয়েছে।
শ্রমিক নেতারা জানান, খনি প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি কোল ফেইসের কয়লা উত্তোলন শেষে প্রায় ১ হাজার ২০০ শ্রমিককে জনপ্রতি ৮ হাজার ৫০০ টাকা করে বোনাস দেওয়া হতো। তবে সম্প্রতি এ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঈদের আগে শ্রমিকদের বোনাস পরিশোধ না করা হলে খনির কোনো কর্মকর্তাকে বাড়ি যেতে দেওয়া হবে না।
পরে শ্রমিকদের পক্ষ থেকে খনির ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়। এ সময় ছয় সদস্যের শ্রমিক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে মো. শাহ আলম জানান, আইনগত জটিলতার কারণে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সাময়িকভাবে কোল ফেইস বোনাস স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। তবে শ্রমিকদের বোনাস দেওয়ার জন্য তিনি পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে সুপারিশ করেছেন। বিষয়টি মন্ত্রণালয়েও জানানো হয়েছে। দ্রুত এ সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।







