হোমনায় সাংবাদিকদের ওপর ছাত্রলীগ নেতার হামলা

ছবি: আগামীর সময়
হোমনা উপজেলা উপজেলায় মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে দৈনিক আলোকিত সকাল পত্রিকার হোমনা প্রতিনিধি মো. তপন সরকারের ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দোলন মিয়ার বিরুদ্ধে।
শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাতালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সাংবাদিক তপন সরকারের অভিযোগ, মাদকবিরোধী একটি সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে দোলন মিয়াসহ ৩ থেকে ৪ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। তিনি জানান, তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তপন সরকার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হোমনা উপজেলা শাখা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. কবি দেলোয়ার হোসেন। তিনি উল্লেখ করেন, তপন সরকার একজন প্রতিবাদী সাংবাদিক। তার লেখায় সমাজের নানা অসঙ্গতি ও নির্যাতনের শিকার মানুষের কথা উঠে আসে। এমন একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
এ বিষয়ে হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানিয়েছেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।







