র্যাব সদস্য ইমনের মরদেহ নিতে সিলেটে স্ত্রী

ছবি: আগামীর সময়
সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে নিহত র্যাব সদস্য ইমন আচার্যের মরদেহ নিতে হাসপাতালে পৌঁছেছেন তার স্ত্রী। এ সময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
আজ শনিবার দুপুরে হাসপাতালের মর্গের সামনে দেখা যায়, নিহত ইমনের ভাই ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
নিহত ইমন আচার্য চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের আশ্চর্যপাড়ার রঞ্জিত আচার্যের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন ইমন। বিয়ের মাত্র তিন মাসের মাথায় তার মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের কাকা ও পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রাণজিৎ আচার্য জানান, মাত্র তিন মাস আগে ইমনের বিয়ে হয়েছিল। এত অল্প সময়ের মধ্যে তার স্ত্রীকে বিধবা হতে হবে, তা কখনো ভাবেননি। কয়েকদিন আগেও ইমন গ্রামের বাড়িতে ছিলেন বলেও জানান তিনি।
২০১৮ সালে পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগ দেন ইমন আচার্য। পরে ২০২৫ সালে র্যাব-৯ এ সংযুক্ত হন। প্রায় ১০ দিন আগে গ্রামের বাড়ি থেকে কর্মস্থল সিলেটে ফিরে যান তিনি।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। অভিযোগ দাখিলে বিলম্ব হলে অভিযুক্তকে আগের মামলায় আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।







