চাঁদা না দেওয়ায় ভেঙে দেওয়া হলো সীমানাপ্রাচীর

তিতাস উপজেলা উপজেলার শাহাবৃদ্ধি গ্রামে চাঁদা দাবি করে না পেয়ে এক ব্যক্তির সীমানাপ্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় মো. মোস্তাক মিয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখ এবং আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে তিতাস থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোস্তাক মিয়া তার বাড়ির অসমাপ্ত ভবনের কাজ ও বাউন্ডারি প্রাচীর নির্মাণ শুরু করলে স্থানীয় কাউছার ভূঁইয়া, শওকত আলী, সজীব ও অনয় মিয়াসহ কয়েকজন তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তিরা তার নির্মাণাধীন সীমানাপ্রাচীর ভেঙে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।
মোস্তাক মিয়ার দাবি, নিজের জায়গা ব্যবহার করে নিজ খরচে বালু ভরাট করে একটি রাস্তা নির্মাণ করেছিলেন তিনি। পরে রাস্তা বাঁকা হয়েছে এমন অভিযোগ তুলে তার কাছে তিন লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় অভিযুক্ত ব্যক্তিরা তার বাউন্ডারি প্রাচীর ভেঙে ফেলেন। বাধা দিতে গেলে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন মোস্তাক মিয়া।
এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই বাশার জানিয়েছেন, ওসির নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে বাদীর সঙ্গে কথা বলা হয়েছে। তবে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।







