নগর জুড়ে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হবে : বাণিজ্যমন্ত্রী

ছবি: আগামীর সময়
সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি জানিয়েছেন, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আধুনিক ফেস রিকগনিশন প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে অপরাধীদের দ্রুত শনাক্ত ও অপরাধ নিয়ন্ত্রণ সহজ হয়।
আজ রবিবার বিকেলে সিলেট সিটি করপোরেশন ভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঘাটতি নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে র্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’
‘অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। তাই নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ফেস রিকগনিশন ক্যামেরা স্থাপন করা হবে। প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়লে অপরাধ দমন আরও কার্যকর হবে,’ বলছিলেন তিনি। ধর্ষণসহ সব ধরনের অপরাধের সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া শেষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
আখাউড়া-সিলেট রেললাইন নির্মাণকাজ শুরু করার বিষয়ে মন্ত্রিসভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ উন্নয়ন এবং সড়ক অবকাঠামো উন্নয়নেও সরকার কাজ করছে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত গাড়িচালকসহ মোট ১ হাজার ১৫৮ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জনপ্রতি ৫ হাজার টাকা করে অনুদান বিতরণ করা হয়। এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন বাণিজ্যমন্ত্রী।






