অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সংগৃহীত ছবি
মাদারীপুরের শিবচরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আরও ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন মাদারীপুরের ১ম আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেন।
তিনি জানান, নিরাপদ খাদ্য আইন অমান্য করার দায়ে শিবচর কলেজ মোড় এলাকার পিজা ইট রেস্টুরেন্ট ও মায়ের দোয়া মিষ্টান্ন ঘরকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া আইনগত ত্রুটি ও অবহেলার অভিযোগে উপজেলার আরও ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো, গোবিন্দ ঘোষ মিষ্টি ভান্ডার, অধিকার মিষ্টান্ন ভান্ডার, ঘোষ মিষ্টান্ন ভান্ডার, ইসলাম সুইটস, ৭১ চাইনিজ এন্ড রেস্টুরেন্ট এবং ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং জনস্বার্থে এ ধরনের কঠোর ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন মো. এলিয়াম।






