অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে ৮ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় দুই দফায় নারীসহ আটজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার দুপুরে এবং গত শনিবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ খোসালপুর ও পলিয়ানপুর বিওপি এলাকা থেকে আটক করা হয় তাদের।
৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের একটি পটল ক্ষেতের মধ্য দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করা হচ্ছিল। এ সময় হাবিলদার মনির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহল দল অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নারীকে আটক করে।
অন্যদিকে, রোববার দুপুরে পলিয়ানপুর বিওপির অধীনস্থ সীমান্ত পিলার ৬০/২৩-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে আরও ছয়জনকে আটক করা হয়। নায়েক বিপুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিজিবির নিয়মিত টহল দল এই অভিযান চালায়। আটকদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন নারী।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে হস্তান্তর করা হয়েছে মহেশপুর থানায়।






