‘সন্ত্রাস-চাঁদাবাজিতে উদ্বেগজনক সময় পার করছে দেশ’

ছবি: আগামীর সময়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তার ভাষ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতা স্পষ্ট হয়ে উঠেছে।
আজ শনিবার সকাল ১০টায় জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার আয়োজনে শহরের হাসপাতাল সড়কের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা উল্লেখ করেন।
রাতে জেলা প্রচার বিভাগের দায়িত্বশীল আবু মিহরান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মুহাম্মদ শাহজাহান মন্তব্য করেন, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যর্থ হলে জনগণ আবারও অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে। তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজন পরিহার করে সম্মিলিতভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি কক্সবাজারের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতিতে দলীয় দায়িত্বশীলদের আরও কার্যকর ভূমিকা পালনের তাগিদ দেন। পাশাপাশি মানবতার সেবাকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচি গ্রহণ এবং নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ব্যাপক জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী ও শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমির আবদুল্লাহ আল ফারুক এবং সদর উপজেলা আমির অধ্যাপক খুরশিদ আলম আনসারীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।






