গোবিন্দগঞ্জ
হত্যা মামলায় রিমান্ডে বিএনপির ৩ নেতা

ছবি: আগামীর সময়
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যা মামলায় বিএনপির তিন নেতার প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার বেলা ২টার দিকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম গালিব হাসান এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার নাকাই গ্রামের বাকের আলীর ছেলে মাহাবুবুর রহমান পেলে, মৃত রাজা মিয়ার ছেলে মোনারুল ইসলাম এবং মৃত হোদা মিয়ার ছেলে খাইরুল ইসলাম। তারা সবাই স্থানীয় বিএনপির নেতাকর্মী।
আদালতের সিএসআই শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাত দিনের রিমান্ডের আবেদনসহ তিন আসামিকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১২ মে নাকাই হাটে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফ্লেক্সিলোড ব্যবসায়ী আনিসুর রহমানসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় আনিসুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই শাহ আলম প্রধান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নাকাই ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সায়েম সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৪১ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে তিনজনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং বাকি দুজন জেলা কারাগারে রয়েছেন। মামলার অপর ৩৬ আসামি এখনও পলাতক।




