সেতুমন্ত্রী
মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করলে ঈদযাত্রা হবে দুর্ঘটনামুক্ত

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে পারলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেছেন, হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যদি পরিবহন শ্রমিকদের কার্যকরভাবে ট্রাফিক আইন মানতে বাধ্য করতে পারে, তাহলে যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
রোববার বিকেলে কালিয়াকৈর এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের অংশগ্রহণে আয়োজিত গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রীর ভাষ্য, ঈদের আগে ও পরে কোনো অবস্থাতেই মহাসড়কের পাশে পশুর হাট বা অস্থায়ী বাজার বসতে দেওয়া হবে না। কারণ, এসব কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। একই সঙ্গে দেশের বিভিন্ন মহাসড়কে চলমান সংস্কার ও মেরামত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় পরিবহন শ্রমিক নেতারা কালিয়াকৈরে একটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের দাবি জানালে মন্ত্রী উল্লেখ করেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, মজিবুর রহমান, জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দিন, শ্রমিক নেতা হুমায়ুন কবির খানসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।






